প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ২৬৭)

X
আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ, সমাজসেবক এবং বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (সন্ধ্যা ৮টা) শারজাহর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আবু জাফর চৌধুরী দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর নেতৃত্ব, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
তিনি বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতির দায়িত্ব পালনকালে কমিউনিটির উন্নয়ন, প্রবাসীদের অধিকার রক্ষা এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বড় ছেলে যুক্তরাষ্ট্রে চিকিৎসক এবং ছোট ছেলে শারজাহতে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে, তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।