প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১২:৩৮ পিএম (ভিজিট : ১৪৫)

X
বরিশাল নগরীর কাউনিয়ার ময়লার ভাগারকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় আনতে এবং পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ এর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল। সভায় বরিশালের ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়। এসময় বর্জ্য পৃথকীকরণ, উৎসস্থলেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার পদ্ধতি নিয়ে আলোচনা হয়। বর্জ্য থেকে জৈব সার এবং প্লাস্টিক বর্জ্য থেকে পুনরায় ব্যবহারযোগ্য পণ্য বা জ্বালানি উৎপাদনের সম্ভাবনা। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির বিষয়ও আলোচনায় উঠে আসে।
সভার সভাপতি বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আমাদের অঙ্গীকার। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সাথে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য আর অভিশাপ থাকবে না বরং তা সম্পদে রূপান্তরিত হবে। আমরা শীঘ্রই এর প্রায়োগিক কাজ শুরু করতে চাই।
বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, মানবসৃষ্ট বর্জ্য এটা নদী বা খালেও ফেলা যায়না। বরং এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে সম্পদে রূপান্তরিত করা সম্ভব। এতে মানুষের ভোগান্তিও লাঘব হবে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বর্জ্যকে ব্যবহার উপযোগী সম্পদে পরিবর্তিত করে নগরবাসীর দূর্ভোগ লাঘবে সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করছে।