প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম (ভিজিট : ৫০)

X
কালিয়ায় অবৈধ বালু উত্তোলনে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায়
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর মহাজন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। একই সঙ্গে মূল অভিযুক্ত নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।