প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম (ভিজিট : ৮৭)

X
ফাইল ছবি
সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া চাল ভর্তি ট্রাক মঙ্গলবার কালিয়াকৈর বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাল ক্রয় করে ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮ নম্বরের একটি ট্রাকে করে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চাল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকার দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও হেলপারের হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে শিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে এবং আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা এবং মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ মোট ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।