প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম (ভিজিট : ৮২)

X
আটক ২
রাজবাড়ীতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দুই যুবককে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন—রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের মো. আলীর ছেলে মো. মাসুম (৩৩) এবং বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিদ মোল্লা (২১)।
পুলিশ জানায়, আটক দুই যুবক ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী স্টেশনে নেমে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ইজিবাইকটি শহরের ১নং রেলগেট এলাকায় এসে দাঁড়ায়।
এ সময় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. আসাদ ইজিবাইকের পেছনে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে গাড়িটি সরিয়ে নিতে বলেন। ইজিবাইকের চালক কোনো প্রতিক্রিয়া না জানালেও, ইজিবাইকে থাকা দুই যুবক নেমে কনস্টেবলের কলার ধরে কিল-ঘুষি মারেন।
রাজবাড়ী শহরে প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান সড়ক হওয়ায় এ এলাকায় প্রতিদিন যানজট লেগেই থাকে। অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও অবৈধ দোকানপাটের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
এ সময় অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।