প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৭:০০ পিএম (ভিজিট : ২৬১)

X
রাজধানীর আফতাবনগর আবাসন প্রকল্পে প্লট বাতিল ও গ্রাহক হয়রানির অভিযোগে মানববন্ধন
রাজধানীর আফতাবনগর আবাসন প্রকল্পে প্লট বাতিল ও গ্রাহক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্লট মালিক ও গ্রাহকদের দাবি, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা কোনো ধরনের পূর্ব লিখিত নোটিশ ছাড়াই একাধিক প্লটের বরাদ্দ বাতিল করেছে।
গ্রাহকদের অভিযোগ অনুযায়ী, বাংলাদেশে প্রচলিত রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে কোনো প্লট বাতিলের আগে অন্তত ৬০ দিনের লিখিত নোটিশ প্রদান বাধ্যতামূলক হলেও সেই বিধান উপেক্ষা করা হয়েছে। তাদের দাবি, এভাবে প্রায় শতাধিক প্লট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
এছাড়া গ্রাহকরা আরও অভিযোগ করেন, পূর্বনির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে এবং “প্রাইস রিভিশন” এর নামে নতুন চার্জ আরোপ করে বাড়তি অর্থ আদায়ের চেষ্টা চলছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, অনেকেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করার পরও বছরের পর বছর ধরে প্লট রেজিস্ট্রেশন পাচ্ছেন না। এমনকি কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে গ্রাহকদের পেমেন্ট গ্রহণ না করে তাদের ডিফল্টার হিসেবে চিহ্নিত করার অভিযোগও উঠেছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অবিলম্বে বাতিলকৃত প্লট পুনর্বহাল, অতিরিক্ত অর্থ আদায়ের প্রক্রিয়া বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।