প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৪৪ পিএম (ভিজিট : ২৫৪)

X
সৈয়দপুরে সড়কে ডিভাইডার বসানো নিয়ে উদ্বেগ, বাড়তে পারে যানজট
নীলফামারীর সৈয়দপুর শহরে যানজট নিরসনের লক্ষ্যে সড়কে ডিভাইডার বসানো হলেও এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সড়ক প্রশস্ত না করে ডিভাইডার বসানো ‘মড়ার ওপর খড়ার ঘা’ হয়ে দাঁড়াতে পারে।
স্থানীয়দের অভিযোগ, শহরের সড়কগুলো আগে থেকেই সংকীর্ণ ও বেহাল। এর ওপর ডিভাইডার বসানোয় চলাচলের জায়গা আরও কমে গেছে। ফলে যানজট কমার বদলে আরও বেড়েছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িসহ জরুরি সেবার যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে।
সড়কের দুই পাশে অটো-রিকশা, ভ্যান ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। অনেক জায়গায় সড়ক কার্যত পার্কিং স্থানে পরিণত হয়েছে।
শহরের বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানপাটের মালিকরা ফুটপাত দখল করে মালামাল রাখছেন। এতে পথচারীদের জন্য চলাচল কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে ট্রাক, পিকআপসহ বড় যানবাহন সড়কের ওপর দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে মালামাল লোডিং-আনলোডিং করায় যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে।
তীব্র যানজটের কারণে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে পারছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ছে, যা অনেক ক্ষেত্রে জীবনহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
শহরের বেশ কয়েকটি সড়কের সংস্কার কাজ চললেও ধীরগতির কারণে ভোগান্তি বেড়েছে। কোথাও কোথাও নিম্নমানের কাজের অভিযোগও উঠেছে। এর আগে সংস্কার করা কিছু সড়ক অল্প সময়ের মধ্যেই পুনরায় ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান।
বর্তমানে প্রায় ২৬ কোটি টাকার প্রকল্পে কয়েকটি সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও তা সন্তোষজনক গতিতে এগোচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়ক প্রশস্তকরণ, অবৈধ দখল উচ্ছেদ এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া সৈয়দপুরের যানজট নিরসন সম্ভব নয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, সড়ক প্রশস্তকরণের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।