
X
গ্রাহকদের অবস্থান কর্মসূচি
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা।
বুধবার (৬ মে) সকালে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন—চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন গ্রাহকরা।
তাঁরা বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ারও চেষ্টা করেন।
দীর্ঘদিন ধরে এসব ব্যাংকের গ্রাহকেরা “হেয়ার কাট” (মুনাফা কেটে রাখা) নীতি বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে আন্দোলন করে আসছেন।
আলোচ্য ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এসব প্রতিষ্ঠানে প্রায় ৭৫ লাখ গ্রাহকের মোট আমানত প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা বলে দাবি করা হয়।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আমানতকারীরা। পরে তাঁরা মিছিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় এবং নিউমার্কেট এলাকায় কর্মসূচি সীমাবদ্ধ রাখতে অনুরোধ করে। এরপর তাঁরা আলকরণ মোড়ে, জিপিওর বিপরীতে অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা জানান, আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত চাইছেন, কিন্তু তাঁদের ‘দুষ্কৃতকারী’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ সময় অনেক আমানতকারী দীর্ঘদিন ব্যাংক ঘুরেও তাঁরা টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ করেন।
একপর্যায়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এতে তিনটি দাবি উত্থাপন করা হয়—আমানত ফেরতের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা, মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমানতকারীদের অর্থ দিয়েই ব্যাংকের কার্যক্রম চলে, অথচ তাঁদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার কারণে বিক্ষোভকারীদের নির্দিষ্ট স্থানে কর্মসূচি পালনের অনুরোধ করা হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে গত রোববার ও সোমবার খাতুনগঞ্জ এবং আগ্রাবাদ এলাকায় এই পাঁচ ব্যাংকের মোট নয়টি শাখায় তালা দেন আমানতকারীরা।