প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিট : ৯০)

X
ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক– দুটি দলই সক্রিয় রয়েছে।’
এদিকে এ ঘটনার জন্য জেএসএস-এমএন লারমাকে দায়ী করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন।
তবে ঘটনাটিকে ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস-এমএন লারমার বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা।
শনিবার দুপুরে সাজেকের উজো বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফের নেতাকর্মীরা এই কর্মসূচির ঘোষণা দেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সকাল সাড়ে ১০টায় তিনি ঘটনাস্থল থেকে জানান যে, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।