নিহতদের মধ্যে একজন হলেন নেত্রকোনার বারহাট্টা থানাধীন পাটুকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৬), তিনি পশ্চিম ধীরাশ্রম বাবা মায়ের সাথে ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন।
অপরজন হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মোঃ নোমানের ছেলে মোঃ নাঈম (১৭)। নাঈম পশ্চিম ধীরাশ্রম এলাকায় খালার বাড়ী থেকে জিকে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ রেলপথের ধীরাশ্রমে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে বুধবার রাত সোয়া ৯টার দিকে দুই ব্যক্তি রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিলেন। এ সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন,দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।