প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ৪৮)

X
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক
যশোরে সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইমরান হোসেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের হবির রহমানের ছেলে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল নিয়ে এক ব্যক্তি যশোরের দিকে আসছেন। পরে গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে করে ইমরান হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।