প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:১৬ পিএম (ভিজিট : ৫৪)

X
নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান
গোপালগঞ্জের মুকসুদপুরে নিরাপদ, পুষ্টিকর ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। তিনি বলেন, দেশে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন জটিল রোগের প্রকোপ বাড়ছে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ জীবন দিতে হলে এখন থেকেই বিষমুক্ত খাদ্য উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: মামুনুর রহমান।
তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশের কৃষকরা এখনও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা গেলে কৃষকদের মধ্যে উৎপাদন বৃদ্ধির আগ্রহ আরও বাড়বে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম এবং পার্টনার কংগ্রেস স্কুলের শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের পার্টনার প্রকল্পের শিক্ষার্থী, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।