প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:১৫ পিএম (ভিজিট : ৪০)

X
শাহজাদপুরে ডাকাতের উড়ো চিঠি ঘটনাস্থলে এসপি, নিরাপত্তা জোরদার
সিরাজগঞ্জের শাহজাদপুরে কথিত ডাকাত দলের চিঠি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। শনিবার (১৬ মে) রাতে তিনি উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, নৈশ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
জেলা পুলিশ সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত স্থানীয় থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ করেছে।