
বাঁশখালীতে মাদক ও কিশোর অপরাধ রোধে বিট পুলিশিং সভা
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, জায়গা-জমি সংক্রান্ত অপরাধ দমন রোধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে বাঁশখালীর উপজেলার শেখেরখীল ইউনিয়নের মাহমুদউল্লাহর দোকান এলাকায় বাঁশখালী থানার উদ্যোগে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিট পুলিশিং সভায় শেখেরখীল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, প্রধান বক্তা ছিলেন শেখেরখীল ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভাপতি সায়েদ হোসেন চৌধুরী আরাফাত।
সভায় সাকের উল্লাহ'র সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল কবির চৌধুরী মেহেদী, ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইমরান বাচ্চু, স্থানীয় সমাজসেবক আব্দু শুক্কুর কোম্পানি, শেখেরখীল দারুচ্ছালাম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, বিট অফিসার রহুল আমিন, সংরক্ষিত ইউপি সদস্য শামসুন্নাহার, ইউপি সদস্য রুবেল প্রমুখ।'
এ সময় বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, 'সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তুলতে হবে। আমি আপনাদের বাঁশখালীর সেবক হিসেবে কাজ করতে এসেছি, আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের জন্য একটা মাদকমুক্ত থানা উপহার দিতে পারি।'
সভায় উপস্থিত বক্তারা মাদক, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, মাটিকাটা রোধে জনপ্রতিনিধিদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও বাল্যবিবাহ, মাদক-জুয়া রোধে সামাজিক নজরদারি বৃদ্ধি ও পারিবারিক বন্ধন জোরদারের আহ্বান জানান।'