
X
কুমিল্লায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধন
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে কুমিল্লায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) সকালে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু এবং জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন।
আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, "শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে নতুন প্রতিভা উঠে আসবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে ভূমিকা রাখবে।"
এদিকে কুমিল্লা স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধান অতিথি। তিনি বলেন, "প্রধানমন্ত্রী শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ‘নতুন কুঁড়ি’র মতো সুন্দর আয়োজন করেছেন, আর আপনারা এমন কাদা মাঠে বাচ্চাদের খেলতে নামাচ্ছেন! এমন মাঠে হালচাষ করা যায়, খেলাধুলা নয়।" তিনি দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করে মাঠটিকে খেলার উপযোগী করার নির্দেশ দেন।
উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।