কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মাহমুদ তানভীর এর বিরুদ্ধে করা ষড়যন্ত্র মূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্রজনতা।
আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন।
ছাত্রপ্রতিনিধিসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক কর্মী এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মাহমুদ তানভীর এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক, মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামশেদ আলী, ছাত্রনেতা মিজানুর রহমান, মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাজমুল ইসলাম, উত্তর ধূরুং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউল হক,বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আনসারুল মোমেন, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো তারেক, বড়ঘোপ ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক সাগর প্রমুখ বক্তব্য দেন।
ভুক্তভোগি রিয়াদ মাহমুদ তানভীর বলেন, আমি কারোও নাম ঠিকানা এমন কি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি ও ঘটনাকে আমার পোস্টে স্পষ্ট করি নাই, কুতুবদিয়া আদালতের কোনো উকিলকে আমি মামলা দিই নাই। আমার কাল্পনিক ফেইসবুক পোস্টের ওপর ভিত্তি করে একটি মিথ্যা হয়রানি মূলক ও আমার মানহানি করে এরকম অভিযোগ এনে ভূয়া মামলাটি করা হয়েছে। উক্ত মামলার তিন নাম্বার সাক্ষী সিরাজুল ইসলাম কুতুবদিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বেবি আক্তার স্বামী। পারিবারিক বিদ্বেষ ও আওয়ামী ফ্যাসিবাদী রাজনৈতিক যোগসাজশে এই ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে মামলা বাদী এডভোকেট শফি আলম জানান, একটা মামলার জের ধরে আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য ফেসবুকে বাটপার থেকে শুরু করে অশ্লীল ভাষায় পোস্ট দিয়েছে। যা আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। যারকারণে আদালতে মামলা করেছি। সম্মান রক্ষার্থে যেটা সামাজিকভাবে হয়েছে তার বিচার চাই।’