প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ৪৫)

X
ছবি: প্রতিনিধি
কালিয়াকৈরে প্রায় সোয়া ৫ কোটি টাকায় নির্মিত একটি ব্রিজের গাইড ওয়াল ধসের বিষয়ে বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গাইড ওয়ালসহ ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।
জানা যায়, সদ্য নির্মিত ব্রিজের গাইড ওয়াল ও সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই রাতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে সড়কের মাটি ধসে যাওয়ায় উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই সড়কসহ ব্রিজের গাইড ওয়াল ভেঙে পড়ে।
এ নিয়ে গত ৫ মে বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রকৌশলী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত সড়ক ও গাইড ওয়াল পুনর্নির্মাণের নির্দেশ দেন। পরে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করে দেয়।
এতে এলাকাবাসীসহ ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অটোচালক ও স্থানীয়রা জানান, সরকারের পক্ষ থেকে দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহণ করায় উপজেলা এলজিইডি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন তারা।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, “অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ ধসে পড়েছিল। ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে ধসে পড়া অংশ পুনরায় সংস্কার করা হয়েছে। এ সংস্কারকাজের জন্য যে অর্থ ব্যয় হয়েছে, তা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বহন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো ব্যয় করা হয়নি।”