প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:০০ এএম (ভিজিট : ৫৫)

X
গোলাপগঞ্জে পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
সিলেটের গোলাপগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
পিএফজি গোলাপগঞ্জের অ্যাম্বাসেডর হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। এতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সম্প্রীতি বিষয়ক বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন।
দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এই সংলাপে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন এবং বক্তব্য রাখেন।
সংলাপে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। এ সময় বক্তারা গণমাধ্যমকর্মীদের যেকোনো ঘটনার ক্ষেত্রে যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক গোলাপগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকল ধর্মীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।