প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৮ পিএম (ভিজিট : ৫৬)

X
অষ্টগ্রামে বজ্রাঘাতে মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রাঘাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে আকাশ মেঘে ঢেকে যায়। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান গুছিয়ে স্তুপ করার সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বজ্রাঘাতে আহত হন তার স্ত্রী রুমা বেগম (৩৬)। এতে তার ডান হাত দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা পুড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
এ আকস্মিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।