প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:২৫ পিএম (ভিজিট : ৬৬)

X
ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের সরকারি জমিতে একের পর এক পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ভূমি প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার চরসেন্সাস ইউনিয়নের বালার বাজার এলাকায় সরকারি জমিতে আরসিসি ভবন নির্মাণ চলছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নির্মাণকাজ চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভূমি অফিস সূত্র জানায়, সরকারি পেরিফেরিভুক্ত বাজারে ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ‘একসনা বন্দোবস্ত’ দেওয়া হয়। তবে এসব জমিতে স্থায়ী বা পাকা স্থাপনা নির্মাণের কোনো অনুমতি নেই।
স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, প্রভাবশালীদের নামে একাধিক ডিসিআর দিয়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণে সহায়তা করা হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ বালা বলেন, পারিবারিক কারণে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন।
সখিপুর (খ) ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে অবহিত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।