প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৩৪ পিএম (ভিজিট : ১১২)

X
মাহমুদুল হাসান বাপ্পী
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান বাপ্পী।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পী সংগঠনের পরিবেশ সংরক্ষণ, বনসম্পদ রক্ষা, নীতিনির্ধারণী কার্যক্রম এবং সংশ্লিষ্ট সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের কাছে সুপরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
ছাত্রদলে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতার মূল্যায়ন হিসেবেই তাঁকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন।