প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ৪৪)

X
ফাইল ছবি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল আসন্ন নিয়োগ ও বদলি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। রবিবার (৭ জুন) সকালে অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ দরবারে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন।
মহাপরিচালক বলেন, নিজ নিজ দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে পালন করে প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে হবে। গত বছরের মতো এবারও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার তাগিদ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নিয়োগ প্রক্রিয়ায় বাহিনীর কোনো সদস্য অনৈতিক কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বদলির ক্ষেত্রেও অধিদপ্তরে সম্প্রতি যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে, তা ধরে রাখতে সবার সহযোগিতা চান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বাহিনীর সদস্যদের সতর্ক থাকারও নির্দেশ দেন মহাপরিচালক। তিনি স্পষ্টভাবে জানান, বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়—এমন কোনো কনটেন্ট ছড়ানোর সঙ্গে কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি বাহিনীর সদস্যদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের তথ্য তুলে ধরেন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই দরবারে সদর দপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সারাদেশের বিভাগীয় উপপরিচালক, জেলা ও ফায়ার স্টেশন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। দরবার শেষে মহাপরিচালক কর্মীদের বিভিন্ন মতামত শোনেন এবং প্রশ্নের উত্তর দেন।