প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৭ এএম (ভিজিট : ৩৬)

X
জামালপুরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহে নিখোঁজের ৬ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে মেলান্দহ উপজেলার রায়েরবাকাই এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো রায়ের বাকাই এলাকার মঞ্জু মিয়ার ছেলে দশ বছরের সিফাত এবং রফিকুল ইসলামের ছেলে ৯ বছরের আশরাফি হোসেন আন্নাস। নিহত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগিনা।
মেলান্দহ থানার ওসি মো: ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার বিকেল থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত ১১টায় বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয়রা তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।