প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৪০ পিএম (ভিজিট : ৪০)

X
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুক খেলা করছিল। এ সময় তাদের পরিবারের লোকজন যে যাঁর কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে আবু বক্কর ও ওমর ফারুককে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।