প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৫২ এএম (ভিজিট : ৪৭)

X
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার-সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫)। তিনি কৃষিকাজ করতেন। অপর নিহত ব্যক্তি হলেন হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তিনি একজন শৌখিন মৎস্যশিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চারজন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি হলেন পাকুন্দিয়া উপজেলার আগরপাত্রা গ্রামের রজব উদ্দিনের ছেলে মমিন (৪০)। তবে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন।