প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ১১৭)

X
শ্রীপুর থানা
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঢুকে ৫ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তাঁর স্বামীকে এলোপাতাড়ি মারধর ও গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ আমেনা খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে অভিযুক্তরা হলেন— শ্রীপুর থানার নগরহাওলা গ্রামের মোঃ জাহিদুল (৩৫), মোঃ সাব্বির খা (২৫), মোঃ খোকন (৩০) এবং মোঃ ফাহাদ (১৮)।
ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে প্রকাশ: অভিযোগকারী আমেনা খাতুনের (স্বামী- মোঃ উজ্জ্বল হোসেন) পরিবারের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৭ জুন বিকেল আনুমানিক ৩:০০ টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে আকস্মিকভাবে আমেনা খাতুনের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমেনাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। মারধরের একপর্যায়ে ১নং অভিযুক্ত জাহিদুল তাঁর তলপেটে সজোরে লাথি মারলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তীব্র তলপেটে ব্যথায় ভেঙে পড়েন। এ সময় তাঁর চিৎকার শুনে স্বামী ও শ্বশুর বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদেরও মারধর করে। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্বজনরা আহত গৃহবধূকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
পুলিশের তদন্ত ও বক্তব্য: থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি খতিয়ে দেখতে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এ আর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার তদন্তে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত— উভয় পক্ষের বক্তব্য ও মতামত শোনেন।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই এ আর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং উভয় পক্ষের মতামত শুনেছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।