বাজেটে সিগারেট ও মদের দাম বাড়ায় একটি দল মনঃক্ষুণ্ণ: মীর হেলাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি সরকারের প্রথম বাজেটে জনমানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো হয়েছে। বর্তমান বাজেটের ফলে একজন হৃদরোগীর হার্টের রিং এবং

2026-06-18T13:21:23+00:00
2026-06-18T13:22:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজেটে সিগারেট ও মদের দাম বাড়ায় একটি দল মনঃক্ষুণ্ণ: মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২১ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ১:২২ পিএম  (ভিজিট : ৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিএনপি সরকারের প্রথম বাজেটে জনমানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো হয়েছে। বর্তমান বাজেটের ফলে একজন হৃদরোগীর হার্টের রিং এবং একজন কিডনি রোগী তার নিয়মিত ডায়ালাইসিস আগের তুলনায় প্রায় অর্ধেক খরচে করতে পারবেন। অতীতে বাজেট ঘোষণার পরপরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেত। এবারও কিছু মহল বাজেটকে ইস্যু করে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর মনিটরিংয়ের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রাথমিক কার্ডধারী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

বুধবার দুপুরে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, “এই বাজেট বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য। কোনো ধনী বা প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এ বাজেট করা হয়নি। শুধুমাত্র সিগারেট ও মদের দাম বাড়ানো হয়েছে, আর তাতেই একটি দল প্রতিবাদী মিছিল করেছে। সাধারণ মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি বলেই আমার ধারণা।”

এ সময় তিনি হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে হাটহাজারীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল আমীন, ড. মো. সফিকুল আলম, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম এবং সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে সিলেটের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ল্যাপটপে বোতাম চেপে দেশের ১৯টি উপজেলার উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী হাটহাজারীর একজন উপকারভোগীর অনুভূতিও শোনেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৫৭৪টি পরিবারের যাচাই-বাছাই শেষে ১২৪ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রচেষ্টায় তৃতীয় পর্যায়ে নির্বাচিত ১৯টি উপজেলার মধ্যে হাটহাজারী উপজেলাকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন।

আগামী জুলাই মাস থেকে দেশের অন্যান্য উপজেলার মতো হাটহাজারীর অন্যান্য ইউনিয়নেও ফ্যামিলি কার্ড বিতরণের জন্য তালিকা সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবে, যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy