প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৭:৫৬ পিএম (ভিজিট : ৫৪৭)

X
তালেবানের সামরিক আদালতে নির্দেশনা জারি
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। নতুন এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। এই নির্দেশনা জারির পর অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ধ্বংস করেছেন বলেও জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, তালেবানের সামরিক আদালত সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হয়েছে। এতে উচ্চপদস্থ কর্মকর্তা, নিম্নপদস্থ কর্মচারী, মুজাহিদ সদস্য এবং বিভিন্ন পরিষেবা খাতের কর্মীদের জন্য স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক তালেবান কর্মকর্তা নিষেধাজ্ঞার আদেশ পাঠ করছেন এবং অপর একজন কর্মকর্তা স্মার্টফোন ভেঙে ফেলছেন।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করতে ধরা পড়লে তার ডিভাইস জব্দ করে ধ্বংস করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ও শরিয়া বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তালেবান প্রশাসন আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অব্যাহতি পেতে হলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা-এর লিখিত অনুমোদন বা বিশেষ ডিক্রি প্রয়োজন হবে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু এলাকায় নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও এর প্রভাব পড়ছে।