প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম (ভিজিট : ২৪)

X
ছবি: প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমি অ্যান্ড হাইস্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত নজরুলসংগীত ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, সহকারী শিক্ষক মো. শফিক মিয়া এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, জালাল উদ্দিন রুমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের অধিকারী। তাকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলার আহ্বান জানান।
এদিকে, অনুষ্ঠানে জালাল উদ্দিন রুমির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোকে রাজনৈতিক বিতর্কমুক্ত রাখার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শুকরানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই বিদ্যালয়টিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।