কাপাসিয়ার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক চিকিৎসকের গল্প

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

চিকিৎসক মানেই শুধু রোগ নির্ণয় ও ওষুধের প্রেসক্রিপশন নয়। একজন প্রকৃত চিকিৎসক মানুষের কষ্ট বুঝতে পারেন, রোগীর আর্থিক

2026-06-22T13:50:42+00:00
2026-06-22T13:53:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক চিকিৎসকের গল্প
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ১:৫৩ পিএম  (ভিজিট : ৩৪)
কাপাসিয়ার মানুষের আস্থার প্রতীক- ডা. হাবিবুর রহমান
X

কাপাসিয়ার মানুষের আস্থার প্রতীক- ডা. হাবিবুর রহমান

চিকিৎসক মানেই শুধু রোগ নির্ণয় ও ওষুধের প্রেসক্রিপশন নয়। একজন প্রকৃত চিকিৎসক মানুষের কষ্ট বুঝতে পারেন, রোগীর আর্থিক অসহায়ত্ব অনুভব করেন এবং মানবিকতার হাত বাড়িয়ে দেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান (শরীফ) এমনই একজন চিকিৎসক, যিনি দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিক সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগীর ভিড় থাকে। সেই ভিড়ের মধ্যেই গত রোববার সকালে চিকিৎসা নিতে আসেন ৬৫ বছর বয়সী অসহায় বৃদ্ধা খোশেদা বেগম। বয়সের ভারে ন্যুব্জ হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। বিষয়টি নজরে আসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের।

তিনি বৃদ্ধাকে নিজের কার্যালয়ে নিয়ে গিয়ে তার শারীরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেন এবং সরকারি ওষুধের বাইরে প্রয়োজনীয় ওষুধ নিজের অর্থে কিনে দেন। শুধু তাই নয়, ওষুধ শেষ হলে আবার যোগাযোগ করার পরামর্শও দেন।

খোশেদা বেগম তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন আগে স্বামী মারা যাওয়ার পর চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। চিকিৎসা করানোর সামর্থ্য না থাকলেও মানবিক এই চিকিৎসকের সহায়তায় তিনি নতুন করে সুস্থ হওয়ার আশা পেয়েছেন।

স্থানীয়দের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডা. হাবিবুর রহমান প্রায়ই দরিদ্র ও অসহায় রোগীদের পাশে দাঁড়ান। অনেক সময় নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে ওষুধ কিনে দেন, চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরিচয়হীন রোগীদেরও দায়িত্ব নেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক চিকিৎসক হিসেবেই পরিচিতি পেয়েছেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত বহির্বিভাগে রোগী দেখেন। অনেক সময় অফিস কক্ষে বসেও রোগীদের চিকিৎসা পরামর্শ দেন। এতে রোগীরা সহজেই তার কাছে পৌঁছাতে পারেন এবং প্রয়োজনীয় সেবা পান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে ডা. হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। তার আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণের কারণে হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকটাই ফিরে এসেছে।

ডা. হাবিবুর রহমান কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের সন্তান। শিক্ষক পরিবারে জন্ম নেওয়া এই চিকিৎসক ছাত্রজীবন থেকেই মেধাবী ও সুনামের অধিকারী ছিলেন। তার বাবা মরহুম তমিজ উদ্দিন প্রধান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ। পরিবার থেকে পাওয়া আদর্শ ও মানবিক মূল্যবোধই তাকে মানুষের সেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করেছে বলে স্থানীয়রা মনে করেন।

কাপাসিয়ার বিশিষ্ট সমাজকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী বি. এম. নাজিবুল হক শাহীন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে ডা. হাবিবুর রহমান সম্পর্কে অসত্য ও নেতিবাচক প্রচারণা দুঃখজনক। তিনি একজন সৎ, দেশপ্রেমিক, বিনয়ী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসমা নামের এক নারীও তার প্রশংসা করে লিখেছেন, “ডা. হাবিবুর রহমান শরীফ একজন অত্যন্ত ভালো ও সৎ মানুষ। তাঁর মানবিকতা, সততা ও জনসেবার মানসিকতা অনেকের কাছেই অনুকরণীয়। মিথ্যাচার বা অপপ্রচার দিয়ে তাঁর গ্রহণযোগ্যতা কমানো যাবে না।”

স্থানীয়দের মতে, কাপাসিয়ার সন্তান হওয়ায় নিজ এলাকার মানুষের প্রতি ডা. হাবিবুর রহমানের দায়িত্ববোধ আরও গভীর। তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা নন, বরং অসহায় মানুষের নির্ভরতার জায়গা। চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক আচরণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কাপাসিয়ার মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।

চাকরির নিয়ম অনুযায়ী একদিন হয়তো তিনি অন্যত্র বদলি হবেন। কিন্তু একজন চিকিৎসক হিসেবে তার মানবিকতা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অসংখ্য গল্প এবং মানুষের জন্য নিঃস্বার্থ কাজ কাপাসিয়ার মানুষের স্মৃতিতে দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে। একজন চিকিৎসকের প্রকৃত পরিচয় যে তার মানবিকতায় ডা. হাবিবুর রহমান যেন সেই সত্যেরই এক উজ্জ্বল উদাহরণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy