প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিট : ৪৫)

X
সিরাজগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত
সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে ‘জব ফেয়ার–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
পিকেএসএফ-এর অর্থায়নে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও) ও মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর যৌথ উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জব ফেয়ারের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, বর্তমান শ্রমবাজার দ্রুত পরিবর্তনশীল। এ পরিস্থিতিতে টিকে থাকতে হলে যুবসমাজকে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ফারুক হোসাইন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর নির্বাহী পরিচালক মো. হাবিব উল্লাহ বাহার এবং মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও)-এর নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী প্রমূখ।
এছাড়া এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। মেলায় ৩০টিরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়।