
X
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
দূষিত বর্জ্য ও পানি দূষণ বন্ধে শিল্প কারখানায় ইটিপি (Effluent Treatment Plant) ব্যবহার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, নতুন করে কোনো কারখানার দূষিত বর্জ্যের পানি যাতে কৃষকের জমিতে না যায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনকি দূষিত বর্জ্য বন্ধে কারখানায় ইটিপি বাধ্যতামূলক।
বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ও উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভালুকার শিল্পাঞ্চলের আশপাশের প্রাণ-প্রকৃতি ও পানির সঙ্গে সম্পৃক্ত পরিবেশ আজ হুমকির মুখে পড়েছে। কারখানার বর্জ্যে অনেক এলাকার জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স, হ্যারী ফ্যাশন ও মুলতাজিমসহ কয়েকটি কারখানার দূষিত বর্জ্যের কারণে প্রায় সাড়ে তিনশ একর জমি অনাবাদি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক হাজার পরিবার।
তিনি বলেন, কারখানার দূষিত বর্জ্য নির্গমনের নালাগুলো দ্রুত বন্ধ করতে হবে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি কারখানা বন্ধের বিষয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, কোনো অবস্থাতেই অপরিশোধিত রাসায়নিক বর্জ্য খাল, নদী, বিল বা জলাশয়ে ফেলা যাবে না। পরিবেশ রক্ষায় দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মন্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার, আবুল বাশারসহ বিভিন্ন কারখানার প্রতিনিধি ও সংশ্লিষ্টরা।
এ সময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ন-আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, ওসি জাহিদুল ইসলাম, ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।