প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ১৩৯)

X
বিক্ষোভ মিছিল
রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ।
তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস বিশ্লেষণ করলে সেখানে খুন, গুম, দুর্নীতি, লুটপাট ও দমন-পীড়নের চিত্রই বেশি দেখা যায়।
গত ১৭ বছরকে তিনি “লুটপাটের ইতিহাস” আখ্যা দিয়ে দাবি করেন, এ সময়ে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং অসংখ্য মানুষ রাজনৈতিক হয়রানির মুখোমুখি হয়েছেন।
রিয়াদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সবসময় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করেছে। তার আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের প্রতিটি সংকটে রাজপথে ছিল এবং এখনও আছে।”
তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল তা প্রতিহত করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ মুসা ও শাফি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও সোহেল রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।