প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম (ভিজিট : ৬৭)

X
ওয়ালটন প্লাজা সফিপুর শাখায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ‘ওয়ালটন’।
এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার মেইন রোডে অবস্থিত ওয়ালটন প্লাজা-সফিপুর শাখার উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সফিপুর বাজার মেইন রোডের উক্ত ওয়ালটন প্লাজার নিজস্ব শোরুমের ভেতরেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসাসেবা কার্যক্রম।
সারাদেশব্যাপী ওয়ালটনের এই বিশেষ মানবিক উদ্যোগের অংশ হিসেবে সফিপুরের ক্যাম্পে এলাকার বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পান। ক্যাম্পে আসা সাধারণ মানুষকে শুধু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শই দেওয়া হয়নি, সেই সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপসহ বিভিন্ন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে আগত বিপুল সংখ্যক রোগীকে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের মেডিকেল অফিসার এবং অভিজ্ঞ চিকিৎসক ডা. মোঃ রুবেল হোসেন (এমবিবিএস)।
ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ওয়ালটন প্লাজা- সফিপুর, গাজীপুর শাখার ম্যানেজার খোকন চক্রবর্তী।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা ওয়ালটন প্লাজার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, বর্তমান সময়ে বিনামূল্যে শোরুমের ভেতরেই এমন উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের মতো সাধারণ ও শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী হয়েছে।
এ বিষয়ে সফিপুর শাখা ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই আজ একযোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরেও সাধারণ মানুষের কল্যাণে ওয়ালটন পরিবারের এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।