প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : ৬৯)

X
দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের ঘোষণা
নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে দখল করে বিলবোর্ড, মহাসড়কের পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম।
বুধবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের যেসব জায়গা বে-দখল হয়ে আছে সেইসব উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আমাদের (সওজ) জায়গায় অবৈধ স্হাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় সওজের জায়গায় সকল অবৈধ স্হাপনা পুরা দমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, রুপগঞ্জের তারাবো সড়ক ও জনপথের কোয়ার্টার ও একটি পুকুর রয়েছে। কোয়ার্টারে নিয়ম বহির্ভূতভাবে যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে কোয়ার্টার ছাড়ার জন্য আমরা বলে দিয়েছি এবং অবৈধভাবে যারা পুকুর দখল করেছেন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার বাদী হয়ে গত ৮ জুন ২০২৬ ইং এ রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার স্মারক নাম্বার- ৩৮৯।
পুকুর পাড়ে মুরগির খামার যারা করেছে তারা খামার ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন। ডেমরা সেতুর তারাবো প্রান্তে অবৈধভাবে স্থাপনা ও বিলবোর্ড স্থাপনা নির্মাণের দায়ে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। যার স্মারক নাম্বার-৩৯০।
এছাড়া অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, অবৈধ গ্যাস ব্যবহারের বিষয়টি আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক ভাবে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবগত করলে তারা গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আরও বলেন, সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কাঁচপুর সেতুর উভয় পাশে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড স্থাপনের বিরুদ্ধে সোনারগাঁ থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আমরা আশা করব যেকোনো সংবাদ পরিবেশনের আগে যাচাই বাছাই করে সংবাদ প্রচার করবেন। অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচারের কারণে সমাজে বিরুপ প্রভাব ফেলে।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, যারা সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করবে তাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। এজন্য স্হানীয় সকল জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহয়তা প্রয়োজন বলে মনে করেন। অতি দ্রুত সকল অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। এজন্য স্হায়নীয় সকল জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহয়তা প্রয়োজন বলে মনে করেন। রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে সকল নাগরিকদের কাজ করতে হবে।