প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৬ পিএম (ভিজিট : ৪৩)

X
আওয়ামী লীগ নেতার জানাজা
ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরদারের জানাজা পড়ালেন গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবকমণ্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জামাজার নামাজ অনুষ্ঠিত হয়।
প্রয়াত মনিরুজ্জামান সরদার (৮০) বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি নগরকান্দা সদর উপজেলার তিনবারের জন্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ডাঙ্গী ইউনিয়ন পরিষদের দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন।
মনিরুজ্জামান সরদার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
মনিরুজ্জামানের জানাজায় নগরকান্দা সালথা উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বস্তরের হাজারো মানুষের সমাগম ঘটে। জানাজার নামাজের আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন তার ভাই আব্দুল কাদের সরদার ও বুলবুল সরদার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
জানাজার নামাজ পড়ান গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবকমণ্ডলীর সদস্য শাহ্ মো. আকরাম আলী।