
X
মুকসুদপুরে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পুষ্টি চাহিদা পূরণ ও সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ফল খাওয়ার বিকল্প নেই। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক পরিবারকে বেশি বেশি ফলদ বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ফল সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সারা বছর ফলের প্রাপ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের স্টল পরিদর্শন করেন এবং ফল চাষে কৃষকদের আগ্রহ ও সফলতাকে উৎসাহিত করেন। জাতীয় ফল মেলাকে ঘিরে কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।