প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ৮৪)

X
ছবি: প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছে। এ সময় মোহাম্মদ শাহেদ (২৫) নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (২৮ জুন) সকাল পৌনে ৯টায় দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার বানৌজা পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) ও মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। আহত মোহাম্মদ শাহেদকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান , মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। মোটরসাইকেল চালিয়ে মাহবুব গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা পেকুয়া সড়কে উঠতেই মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন । সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জামান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে নিহতদের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে- তাহলে সেভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।