প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১০ এএম (ভিজিট : ৪৭)

X
কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকৃতি এবং হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া রিফাতুল ইসলাম রায়হান মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী সন্তান নিয়ে মাগুরা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রিফাতুল ইসলাম রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে রায়হান ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে বিয়ের বিষয়টি সামনে এলে তিনি তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের কথা বললে তিনি অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে বাসা থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে, রিফাতুল ইসলাম রায়হানের পরিবারের সদস্যরা মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, ব্যক্তিগত উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি তারা মামলার বাদীর অভিযোগ অস্বীকার করে তার ব্যক্তিগত চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন।