প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ৩৫)

X
দুইজনকে গণধোলাই
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়ার মাইন উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামের ওয়াইজ উদ্দিনের বাড়ির কাছের পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিল একটি চোর চক্র। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলমগীর ও ইকবালকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।