প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম (ভিজিট : ৪২)

X
ছবি: প্রতিনিধি
সীমিত কৃষিজমিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, কৃষকরাই দেশের প্রাণ। তাঁদের উৎপাদনের ওপর দেশের খাদ্যনিরাপত্তা নির্ভরশীল। তাই কৃষির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকার কৃষকদের কল্যাণে নানা কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। সারের ওপর বিপুল ভর্তুকি দেওয়া হচ্ছে এবং দেশে সারের কোনো সংকট নেই। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে সার মজুতের বিরুদ্ধে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ হাজার ২০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলানা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক টি. এম. শাহাদত হোসেন (ঠান্ডু) এবং জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুসুম রেওয়াজ তুহিন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদী রহমান।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।