প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম আপডেট: ০১.০৭.২০২৬ ৬:০৮ পিএম (ভিজিট : ১১৩)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে সার, বীজ, গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়ার সভাপতিত্বে , স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১শ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধান (উফশী) বীজ এবং ১০ কেজি ডিএসপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এছাড়া ৫০ জন কৃষককে মরিচের বীজ (হাইব্রিড), ৫ কেজি ডিএসপি সার, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ৫০০ জনকে গ্রীষ্ম কালীন সবজি বীজ, ১৫ কেজি ডিএসপি সার, ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ৫ টি করে ফলদ গাছের চারা দেওয়া হয় ২৬৪ জনকে এবং ৩০ জনকে ৫ টি করে লেবুর চারা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান বলে দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। এক সময় বাংলাদেশে সাত কোটি মানুষ ছিল কিন্তু খাদ্যের অভাব ছিল। কিন্তু এখন প্রায় ২০ কোটি লোক। কিন্তু খাদ্যের কোন অভাব নাই। এই কৃতিত্ব কৃষক ও কৃষি বিভাগের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, যুবদলের সদস্য সচিব মোঃ মহসীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মোহাম্মদ ইসমাইল মুন্সীসহ উপকারভোগী কৃষক-কৃষাণি গণ।
কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।