প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:০৬ এএম (ভিজিট : ৩৮)

X
আয়াতুল্লাহ আলি খামেনি ও নরেন্দ্র মোদি
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
তবে, তিনি না গেলেও ভারতের একটি প্রতিনিধি দল যোগ দেবে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে। এই দলে থাকবেন বিহারের গভর্নর জেনারেল সৈয়দ হাসনাইন এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এনডিটিভি বলছে, ইরানের পক্ষ থেকে আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিনিধিদলের অংশ হবেন না বলেই ধারণা করা হচ্ছে।
ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলি খামেনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রথম দিন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। তার মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪ জুলাই থেকে জানাজা ও শোকানুষ্ঠান শুরু হবে এবং ৯ জুলাই দাফনের মধ্য দিয়ে তা শেষ হবে। কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই পবিত্র শহর কোমে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, ৪ জুলাই থেকে শুরু হওয়া ছয় দিনের এ শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর, দুই দেশের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে এ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই ভারত ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালীন ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও নয়াদিল্লি তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।
এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিকবার টেলিফোনে আলোচনা করেন। চলতি বছরের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারত সফর করে বৈঠক করেন। এছাড়া কয়েক সপ্তাহ আগেও ইরানের আরও কয়েকজন প্রতিনিধি ভারত সফর করেন।