
X
সবুজায়নে এগিয়ে যশোর কেন্দ্রীয় কারাগার
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ আরও মনোরম করে তুলতে যশোর কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও ফুলগাছের মোট ১ হাজার ৫৯৪টি চারা রোপণ করা হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫০০টি গাছের চারা রোপণের কার্যক্রম চলমান রয়েছে।
কারা সূত্রে জানা গেছে, রোপণ করা চারাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ফলজ গাছ। মোট ১ হাজার ৪৮৭টি ফলজ গাছের মধ্যে রয়েছে ৮২৭টি আম, ১৯৩টি জাম, ১৩৫টি লিচু, ১০০টি পেয়ারা, ৮৪টি বরই, ৫০টি কাঁঠাল, ৩০টি লেবু, ১০টি আমড়া, ১০টি তেঁতুল, ১০টি জলপাই, ৮টি আঁশফল এবং ৫টি করে ডালিম, বেল, কদবেল, আমলকি, কাঠবাদাম ও কামরাঙ্গা।
এছাড়া ৬০টি ঔষধি গাছের মধ্যে রয়েছে ২০টি নিম এবং ১০টি করে হরীতকী, বহেরা, অর্জুন ও বাসক। বনজ গাছ হিসেবে রোপণ করা হয়েছে ১৫টি চারা, যার মধ্যে রয়েছে ৫টি করে কড়ই, তুলা ও লংগান।
কারাগার প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৩২টি ফুলগাছও রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি ভিক্টোরিয়া, ১০টি ছাতিম, ৫টি কৃষ্ণচূড়া, ৫টি পালমিতা এবং ২টি কাঠগোলাপ।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কারাগার এলাকায় পর্যায়ক্রমে আরও ১ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কারাগারের অভ্যন্তরে একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, ‘কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্যারের দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কারাগারকে একটি সবুজ ও টেকসই পরিবেশে রূপান্তর করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’