প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : ৩৮)

X
লেকের পানিতে কুরআন শরিফ
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় একটি লেক থেকে তিন বস্তা পবিত্র কুরআন শরিফ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সকালে স্থানীয়রা লেকের পানিতে ভাসমান অবস্থায় বস্তাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে। সংবাদমাধ্যম
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিশন রোড এলাকার লেকের পাড়ে তিনটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন পথচারীরা। কৌতূহলবশত বস্তাগুলো খুলে ভেতরে বিপুল পরিমাণ কোরআন শরিফ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চরম বিস্ময় ও ক্ষোভের সঞ্চার হয়। মুহূর্তের মধ্যে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কুরআন শরিফগুলো বেশ পুরোনো এবং কিছুটা জরাজীর্ণ ও নষ্ট অবস্থায় রয়েছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে পবিত্র এ ধর্মগ্রন্থগুলো এভাবে লেকের পানিতে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অত্যন্ত সংবেদনশীল ঘটনা হওয়ায় পুলিশ এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।
চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক সলিমুল্লা সেলিম বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পবিত্র কুরআন শরিফের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে এবং এর পেছনে কোনো অপতৎপরতা আছে কিনা তা উদ্ঘাটন করতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।