প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম (ভিজিট : ৬০)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭০০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় আরও একজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট কলমাকান্দা এলাকায় আনা হয়েছে। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।
অভিযানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবিয়া আক্তার ও মো. শামীম নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় আশরাফ উদ্দিন নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাবিয়া আক্তার জানান, পলাতক আশরাফ উদ্দিনের বাড়ি উপজেলার ছোট সালজান এলাকায়। তিনি আরও জানান, আশরাফ উদ্দিন তার স্বামী।
এ ঘটনায় কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দায়েরকৃত মামলায় আটক দুই আসামিকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতেই বিশেষ অভিযানে মাদকসহ তাদের আটক করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এদিকে, সম্প্রতি কলমাকান্দা উপজেলায় মাদক কারবারের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন কৌশল ব্যবহার করছে। বিশেষ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এ ধরনের অপরাধ দমনে কুরিয়ার সেবাগুলোর ওপর আরও কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।