প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিট : ৬৩)

X
প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও জানাজায় অংশ নিতে আগামী ৩ জুলাই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত। প্রতিনিধিদলে থাকছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জানাজায় ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের গুরুত্বকে তুলে ধরে। একইসঙ্গে এটি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার শক্ত ভিত্তিকেও প্রতিফলিত করে।’
বিবৃতিতে আরও বলা হয়, আগামী ৪ জুলাই তেহরানে আলী খামেনির দাফন ও জানাজার শোভাযাত্রা শুরু হবে। পরে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর আগে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আলি খামেনির বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী এবং আলি খামেনির দাফন ও জানাজা আয়োজন কমিটির সম্পাদক আলি আকবর পুরজামশিদিয়ান জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আবেদন করেছে।