প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : ৩৫)

X
জলঢাকায় মশাল মিছিল
তিস্তা মহা-পরিকল্পনা একনেকে অনুমোদন এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী বানপাড়া তিস্তাপাড়ে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আয়োজিত এ মশাল মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা জাতীয় সংসদে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, দ্রুত তিস্তা মহা-পরিকল্পনা একনেকে অনুমোদন এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সমাবেশস্থলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন হচ্ছে। কিন্তু তিস্তা মহা-পরিকল্পনার ক্ষেত্রে বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে। বাস্তবায়নের নির্দিষ্ট সময় বা কার্যকর কোনো উদ্যোগের বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য ছাদেকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তাই আমরা আশাবাদী। তিস্তাপাড়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আজকের মশাল মিছিলের মাধ্যমে আমরা সেই অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানাতে এসেছি।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান জানান, প্রধানমন্ত্রী সংসদে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে যে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমাদের দাবি, আগামী একনেক সভায় তিস্তা মহা-পরিকল্পনা অনুমোদন দিয়ে প্রয়োজনীয় বরাদ্দ ঘোষণা করে দ্রুত বাস্তবায়ন কাজ শুরু করা হোক।
তিনি আরও জানান, নতুন করে ব্যারেজ নির্মাণের পরিকল্পনার পরিবর্তে আমরা পূর্ণাঙ্গ তিস্তা মহা-পরিকল্পনার বাস্তবায়ন চাই। কারণ নতুন ব্যারেজ নির্মাণ করা হলে মহা-পরিকল্পনায় প্রস্তাবিত তিনটি নৌ-টার্মিনালসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হতে পারে। অতীতে বহুবার আশ্বাস দেওয়া হলেও তা’ বাস্তবায়ন হয়নি।