প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:২৯ এএম (ভিজিট : ৪৮)

X
ছবি: প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী গ্রামে অনুমোদনহীন বিদ্যুৎ লাইন টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর গোড়ামী গ্রামের মকসুদ আলীর ছেলে আবদুল্লাহ মিয়া (৪৫) ও আব্দুল আজিজ (৪০)। তারা পেশায় কৃষক ছিলেন।
শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মকসুদ আলীর পরিবার সম্প্রতি নতুন ঘর নির্মাণ করে পাশের এক আত্মীয়ের দোকান থেকে বিদ্যুতের সংযোগ নিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে নড়বড়ে খুঁটি পরিবর্তনের জন্য বিদ্যুৎ সংযোগ সচল রেখেই কাঁচা বাঁশ দিয়ে নতুন খুঁঁটি স্থাপনের কাজ করছিলেন দুই ভাই। এ সময় বাঁশটি বিদ্যুতায়িত হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পুরোনো খুঁঁটি অপসারণ ও নতুন খুঁঁটি স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন খান বলেন, দোকান থেকে বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়ার কোনো বিধান নেই। অবৈধ সংযোগে কাজ করার সময় অসাবধানতাবশত দুই সহোদরের মৃত্যু হয়েছে।
আবদুল্লাহ মিয়ার দুই ছেলে-মেয়ে এবং আব্দুল আজিজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। তাদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।