প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম (ভিজিট : ১০০)

X
বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
নীলফামারীর কিশোরগঞ্জে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খায়রাতুন্নেছা ওয়াকফ স্টেটের আয়োজনে, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবক আ. ফ. ম. শাওনুল হক শাওনের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত সহস্রাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিশেষ করে নিম্নআয়ের অসহায় মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। প্রধান আলোচক ছিলেন রংপুরের হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও আনোয়ার হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিন, ডা. আফিয়া আমিন আন্তু, ডা. নোমান ইসলাম, ডা. জেবা আফিয়া, ডা. চন্দন কুমার, মানবসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরোন, সমন্বয়কারী জাহিদ হাসান সাকিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্যোক্তা আ. ফ. ম. শাওনুল হক শাওন বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। তাদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলার ৯টি ইউনিয়নেই পর্যায়ক্রমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হবে।”